RUAA DHAKA
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা
পাঁচ দশকের ঐতিহ্য, ইতিহাস ও ধারাবাহিকতা
সংগঠনের পরিচিতি ও উদ্দেশ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর মূল কাজ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণে কাজ করা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ সহায়তা করা, বিশ্ববিদ্যালয়ের গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্রম চলমান রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তাকরণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগের সহায়তাকরণ, তথ্য ও চিন্তার আদান-প্রদান, সামাজিক মূল্যবোধের উন্নয়ন, সর্বোপরি দেশ ও জাতির গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
১৯১৬-১৯১৭ সালে স্যাডলার কমিশনের রিপোর্ট এবং ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর রাজশাহী কলেজের তদানীন্তন অধ্যক্ষ ড. ইতরাত হোসেন জুবেরী, রাজশাহীর গণমানুষের নেতা ও এম.এল.এ জনাব মাদার বখশ, তদানীন্তন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জনাব এমদাদ আলী সি.এস.পি এবং রাজশাহী জেলা বোর্ডের চেয়ারম্যান জনাব মনির উদ্দিন আকন্দের উদ্যোগ ও নিরলস চেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনটি ১৯৫৩ সালের ৩রা মার্চ বঙ্গীয় আইন সভায় পাস হয়। এর পরিপ্রেক্ষিতে ১লা জুলাই ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
৬ জুলাই ১৯৫৩ সালে ড. ইতরাত হোসেন জুবেরী প্রথম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রাথমিক স্তরে ১৬১ জন শিক্ষার্থী ও মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক নিয়ে ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, দর্শন, গণিত ও আইন বিভাগে কার্যক্রম শুরু হয় রাজশাহী কলেজ, রাজশাহী হাই মাদ্রাসা ও ডাচ ফ্যাক্টরি (বড়কুঠি নামে পরিচিত) থেকে।
পরবর্তীতে কলম্বো প্ল্যানের অধীনে শহর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে মতিহার, জামালপুর, মির্জাপুর ও মেহেরচণ্ডী মৌজায় ৭৪৩ একর জমি অধিগ্রহণ করে ভবনাদি নির্মাণের পর ১৯৬২-১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়, সৃষ্টি হয় প্রাণের মতিহার সবুজ চত্বর। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় ৭টি অনুষদের ৬৯টি বিভাগে প্রায় ৩৫,০০০ শিক্ষার্থীর কলরবে মুখরিত।
দুঃখজনক হলেও সত্য, অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একান্ত অনুষঙ্গ হলেও একটি কার্যকর ও অংশগ্রহণমূলক অ্যালামনাই অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনো গড়ে ওঠেনি।
ঢাকা কেন্দ্রিক প্রাক্তন ছাত্র সমিতির যাত্রা শুরু (১৯৭৩)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রাক্তন শিক্ষার্থী ঢাকায় বসবাস করতেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণ এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সৈয়দ মাজহারুল হক বাকিকে সভাপতি এবং অধ্যাপক মোজাফফর হোসেনকে মহাসচিব করে ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি ঢাকাকে কেন্দ্র করে পথচলা শুরু করে।
নেতৃত্বের ধারাবাহিকতা: সভাপতি ও মহাসচিবগণ (১৯৭৩–২০২৪)
| মেয়াদ | সভাপতি / আহ্বায়ক | মহাসচিব / সদস্য সচিব | বিশেষ মন্তব্য |
| ১৯৭৩ | সৈয়দ মাজহারুল হক বাকি | অধ্যাপক মোজাফফর হোসেন | সংগঠনের যাত্রা শুরু |
| ১৯৭৭–১৯৮১ | শরফুদ্দিন আওয়াল | এ এফ এম জামির উল ইসলাম | সভাপতি ও মহাসচিব |
| ১৯৮১–১৯৮৯ | মোসলেম আলী খান | খায়রুল আলম নোমান | সভাপতি ও মহাসচিব |
| ১৯৮৯–১৯৯৩ | আখতার আলী | হামিদুজ্জামান রবি | সভাপতি ও মহাসচিব |
| ১৯৯৩–১৯৯৭ | কিউ এম কেরামত আলী | হামিদুজ্জামান রবি | সভাপতি ও মহাসচিব |
| ১৯৯৭–২০০১ | মতিউর রহমান বাচ্চু | নুরুল ইসলাম ঠাণ্ডু | সভাপতি ও মহাসচিব |
| ২০০১–২০০৫ | সৈয়দ সাইফুল্লাহ | মো: মোজাম্মেল হক | আহ্বায়ক ও সদস্য সচিব |
| ২০০৫–২০০৬ | মো: হাফিজুর রহমান চন্দন | এড. সুব্রত চৌধুরী | সভাপতি ও মহাসচিব |
| ২০০৬–২০১০ | মুহাম্মদ মাকসুদ আলম | এড. সুব্রত চৌধুরী | সভাপতি ও মহাসচিব |
| ২০১০–২০১৪ | এড. সুব্রত চৌধুরী | মো: আইয়ুব আলী খান | সভাপতি ও মহাসচিব |
| ২০১৪–২০১৮ | নুরুল ইসলাম ঠাণ্ডু | মো: আইয়ুব আলী খান | সভাপতি ও মহাসচিব |
| ২০১৮–২০২১ | নুরুল ইসলাম ঠাণ্ডু | মো: আইয়ুব আলী খান | নাম পরিবর্তন: সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন |
| ২০২১–২০২৪ | মো: আইয়ুব আলী খান | কে. এম আরিফুজ্জামান | নাম পরিবর্তন: RUAA DHAKA |
নামকরণের ইতিহাস
● ১৯৭৩ — প্রতিষ্ঠাকালে নাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি।
● ২০১৮ — বার্ষিক সাধারণ সভায় নাম পরিবর্তন করে রাখা হয় রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
● ২০২১ — সিনিয়র সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে একটি সাধারণ সভার মাধ্যমে নাম পরিবর্তন করে রাখা হয় রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা (RUAA DHAKA)। এই সভায় সর্বসম্মতিক্রমে মো: আইয়ুব আলী খানকে সভাপতি এবং কে. এম আরিফুজ্জামানকে মহাসচিব নির্বাচিত করা হয় (২০২১-২০২৪)।
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিটের সকল কার্যক্রম পল্টন টাওয়ার, ৮৭ পুরানো পল্টন থেকে পরিচালিত হয়।
স্পষ্টীকরণ ও বর্তমান অবস্থা
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি নতুন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে ওঠায় কোনো কোনো রাবিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA) এবং রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা (RUAA DHAKA)-কে একই সংগঠন মনে করে বিভ্রান্ত হচ্ছেন। উভয় সংগঠন সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র।
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা দীর্ঘ ৫০ বছরেরও অধিক কাল ধরে ঢাকা কেন্দ্রিক প্রাক্তন রাবিয়ানদের প্রতিনিধিত্বমূলক সংগঠন হিসেবে আজও কার্যকর ও পৃথক সত্তা হিসেবে বিদ্যমান। বর্তমানে সংগঠনটিকে অধিকতর অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে একটি মানসম্মত ও যুগোপযোগী গঠনতন্ত্রের মাধ্যমে RUAA DHAKA-র কার্যক্রম চলমান রয়েছে।